বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘VU 1st National FIDE-Rapid Chess Championship 2026’
শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিবৃত্তিক চর্চা, কৌশলগত চিন্তাভাবনা ও দাবা খেলার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের ফিদে রেটেড দাবা প্রতিযোগিতা ‘VU 1st National FIDE-Rapid Chess Championship 2026’। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আগামী ১৫ ও ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। নকআউট ও সুইস পদ্ধতির সমন্বয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতিটি খেলায় ১০ মিনিট সময়ের সঙ্গে প্রতি চালে অতিরিক্ত ৫ সেকেন্ড ইনক্রিমেন্ট থাকবে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার-আপ ছাড়াও ‘VU Emerging’, ‘VU Best Woman’ এবং ‘Best Non-Rated’ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এ ছাড়া বিশেষ অতিথি ক্যাটাগরিতে জেলা চ্যাম্পিয়ন, জেলা রানার-আপ ও নারী চ্যাম্পিয়নদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
অংশগ্রহণকারীদের জন্য থাকছে অংশগ্রহণ সনদ, কৃতিত্বের সনদ, অংশগ্রহণ কিট, আপ্যায়ন এবং দুপুরের খাবারের ব্যবস্থা। প্রতিযোগিতার চিফ আরবিটার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের ন্যাশনাল আরবিটার মো. আশাবুবুর রহমান তাইফ। আয়োজনটির সহযোগিতায় রয়েছে মণ্ডল স্পোর্টিং ক্লাব।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। আগ্রহী প্রতিযোগীরা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দাবা খেলার প্রতি আগ্রহ বৃদ্ধি, নতুন প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং জাতীয় পর্যায়ে দাবা চর্চার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এবং মণ্ডল স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

মতামত