বাগেরহাটের মোরেলগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর। দুই মোটরসাইকেল ও ডাববোঝাই নসিমনের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার রাতে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আমিন খান (২৩) এবং একই গ্রামের জামাল মাস্টারের ছেলে সোহেব (১৬)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে দুই মোটরসাইকেল ও ডাব বহনকারী নসিমনের মধ্যে সংঘর্ষ হয়। মুহূর্তেই বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। সংঘর্ষে মোটরসাইকেলের আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসকদের কাছে নেওয়ার আগেই তিনজনের মৃত্যু হয়।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সিফাত খান বলেন, দুর্ঘটনার পর আহত ৯ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজন মৃত ছিলেন। চারজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুই মোটরসাইকেল ও ডাব বহনকারী নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। মাত্র কয়েক মুহূর্তের সংঘর্ষে তিনটি পরিবারের স্বজন হারানোর ঘটনায় স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে শোক।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

মতামত