নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোরে ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এতে নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন।
আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৫টা থেকে ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী ‘খান এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী নৈশ কোচ বৈরাগীগঞ্জ এলাকার মাজার মসজিদের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মাটিভর্তি একটি ডাম্প ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোজাফফর রহমান (৩৫) ও গোলাপী বেগম (৪৮) এবং উলিপুর উপজেলার বাসের সহকারী আপেল মাহমুদ (২৫)। অপর এক ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

মতামত