সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বালুচর-ইকোপার্ক সড়ক। বালুচর শাহমাদানী ঈদগাহ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ সড়কটির নির্মাণকাজ এখন প্রায় শেষ পর্যায়ে। সড়কটি চালু হলে নগরীর গুরুত্বপূর্ণ এই অঞ্চলে যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।
সড়কটি ২৪ ফুট প্রশস্ত করে টেকসই আরসিসি (RCC) ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনব্যবস্থা সচল রাখতে সড়কের উভয় পাশে ৬ ফুট করে মোট ১২ ফুট প্রশস্ত ড্রেন নির্মাণ করা হয়েছে। ড্রেনের ওপর স্ল্যাব বসিয়ে পথচারীদের চলাচলের জন্য ফুটপাতের ব্যবস্থাও রাখা হয়েছে। সড়ক, ড্রেন ও ফুটপাত নির্মাণে সব মিলিয়ে ব্যয় হচ্ছে প্রায় ১৮ কোটি টাকা।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে সড়ক ও ড্রেনের শেষ পর্যায়ের ঢালাই কাজ সরেজমিনে পরিদর্শন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি নির্মাণকাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং ব্যবহৃত নির্মাণসামগ্রীর গুণগত মান ও কাজের সার্বিক পরিস্থিতি তদারকি করেন।
পরিদর্শন শেষে সিসিক প্রশাসক বলেন, বালুচর-ইকোপার্ক সড়কটি নগরীর যোগাযোগব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে প্রতিদিন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, ইকোপার্কসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিনের জনদুর্ভোগ কমিয়ে নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যেই সড়কটি ২৪ ফুট প্রশস্ত করে নির্মাণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সড়ক নির্মাণের পাশাপাশি পানি নিষ্কাশনব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে জন্য সড়কের দুই পাশে প্রশস্ত ড্রেন নির্মাণ করা হয়েছে। ড্রেনের ওপর স্ল্যাব বসানোর ফলে পথচারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ফুটপাতও তৈরি হয়েছে।
নগর উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট নগরীর যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তনে সিটি করপোরেশন ধারাবাহিকভাবে সড়ক প্রশস্তকরণ, টেকসই সংস্কার এবং আধুনিক ড্রেনেজ অবকাঠামো নির্মাণে কাজ করছে। পরিকল্পিত সড়ক, কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা ও পথচারীবান্ধব ফুটপাত গড়ে তোলাই সিসিকের অন্যতম লক্ষ্য।
এ সময় তিনি নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে সিসিকের নির্বাহী প্রকৌশলী লিপু সিংহ, জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
নগরবাসীর প্রত্যাশা, ১৮ কোটি টাকার এই উন্নয়ন প্রকল্পটি নির্ধারিত মান ও পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে বালুচর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও ইকোপার্ক এলাকার যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন, পথচারীদের নিরাপত্তা এবং নগরীর পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তুলতেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

মতামত