চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) ফরিদ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক এলাকার আবদুল করিম সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—শোরশাক পশ্চিমপাড়া বেপারী বাড়ির মৃত কবির হোসেনের ছেলে মো. সোহেল (২৮) এবং একই এলাকার কালু মিয়ার ছেলে শরীফ হোসেন (২৪)। তারা উভয়েই শাহরাস্তি উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৭, তারিখ ৭ নভেম্বর ২০২৬ এবং জিআর নং-৩৫০ মূলে মামলা দায়ের করা হয়েছে।
পরে গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

মতামত