সোমবার (৯ নভেম্বর) মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সের বোরহান উদ্দিন মিলনায়তনে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার পিপিএমের সঞ্চালনায় বিদায়ী অতিথি ও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা বিদায়ী পুলিশ সুপারের বর্ণাঢ্য কর্মজীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। এ সময় বক্তারা তাঁর পেশাদারিত্ব, দক্ষতা, সততা ও মানবিক গুণাবলির ভূয়সী প্রশংসা করেন। অনেক পুলিশ সদস্য আবেগাপ্লুত হয়ে তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও স্মৃতির কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম একজন মানবিক, দক্ষ ও মেধাবী কর্মকর্তা। তিনি অত্যন্ত সুনামের সঙ্গে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। স্বাভাবিক আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশিং কার্যক্রমের পাশাপাশি জেলার মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে তিনি আন্তরিকভাবে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাঁর দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানবিক উদ্যোগের কারণে তিনি মুন্সীগঞ্জ জেলা পুলিশ এবং জেলাবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
সমাপনী বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম বলেন, ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা তাঁর জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছেন তিনি। এ সময় জেলার সর্বস্তরের জনগণ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সবার কর্মজীবন, পরিবার ও ভবিষ্যৎ শান্তিময় ও নিরাপদ হোক—এ কামনা করেন তিনি।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) বিল্লাল হোসেন পিপিএম।
পরে পুলিশ লাইন্স মেসে বিদায়ী পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএমের পক্ষ থেকে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
এ সময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

মতামত