চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান তার কর্মদক্ষতা, মানবিক উদ্যোগ ও প্রশাসনিক সাফল্যের কারণে জেলাবাসীর কাছে এখন প্রশংসনীয় একজন কর্মকর্তা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।
জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা
২০২৬ সালের সেপ্টেম্বর মাসের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মূল্যায়নে জাতীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তার নেতৃত্বে চাঁদপুর জেলা এই কার্যক্রমে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে। একই সঙ্গে জেলার তিনজন ইউএনও-ও সেরা হয়েছেন।
প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার
শিক্ষা বিস্তারে তিনি এক যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন। চাঁদপুরের প্রতিটি ইউনিয়নের যেকোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে পাঠাগার গড়ে তোলা হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে জেলার ৬টি ইউনিয়নে পাঠাগারের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব স্কুলেই পাঠাগার স্থাপন করা হবে।
গত ২৬ অক্টোবর ছেংগারচর পৌরসভার পৌর পাঠাগার উদ্বোধনকালে তিনি বলেন, বই পড়ার অভ্যাসই আগামী প্রজন্মকে আলোকিত করবে।
সড়ক নিরাপত্তায় কঠোর অবস্থান
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে গত ২৮ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, "সড়ক নিরাপদ রাখতে ট্রাফিক আইন মানার বিকল্প নেই। সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা শুধু মানুষের প্রাণ কেড়ে নেয় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়।"
স্বাস্থ্য সচেতনতায়ও এগিয়ে
গত ১৪ নভেম্বর চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কায়িক শ্রম কমে যাওয়ায় গ্রামীণ অঞ্চলেও ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
এছাড়া গত ৫ নভেম্বর চাঁদপুর প্রেস ক্লাবে আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানেও তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গত ৬ নভেম্বর সাংবাদিকদের জন্য আয়োজিত ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার উপর গুরুত্বারোপ করেন।
জেলাবাসীর প্রত্যাশা, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে চাঁদপুর আরও এগিয়ে যাবে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

মতামত