আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর ও জাতীয় সংসদ ভবনের আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একইসাথে এসব এলাকায় অস্ত্রশস্ত্র, বিস্ফোরক ও ক্ষতিকারক দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল বুধবার রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে জাতীয় সংসদ ভবন এবং এর আশপাশের নির্দিষ্ট এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকা:-
১. ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত।
২. বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত।
৩. পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।
৪. মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল।
৫. রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত।
৬. ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত পর্যন্ত।
৭. জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথ।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন এবং নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ডিএমপি এ নিষেধাজ্ঞা জারি করেছে।
বিষয় : ডিএমপি ডিএমপি কমিশনার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

মতামত