চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুর ২টার দিকে শাহরাস্তি পৌরসভার শাহাপুর এলাকার চৌধুরী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটকরা হলেন—শাহাপুর নোয়াবাড়ী, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাসেল আলম (২০) এবং কালীয়াপাড়া, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পারভেজুর রহমান পাটোয়ারী (২৪)।
পরে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদক সেবনের দায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বিত এ অভিযানের মাধ্যমে মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে মাদক সেবন, বিক্রি ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হচ্ছে।
স্থানীয়রা প্রশাসন ও পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে।
শাহরাস্তি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

মতামত