কুষ্টিয়া সীমান্তে সফল অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ ও বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ জামালপুর বিওপির একটি চৌকস টহল দল দৌলতপুর উপজেলার পাকুড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।
৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১০৩ বোতল ভারতীয় মদ, ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ও ওষুধের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৪১ হাজার ২০০ টাকা।
৪৭ বিজিবির অধিনায়ক আরও জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও মাদকের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি মালামাল বন্ধে বিজিবির এই গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

মতামত