চিরিরবন্দরে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান, নিলেন পাঠদানের খোঁজখবর
মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সরকারদলীয় হুইপ জনাব মো. আখতারুজ্জামান মিয়া, এমপি।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়গুলোর চলমান পাঠদান ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করতে তিনি এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ, শিক্ষকদের উপস্থিতি ও সময়ানুবর্তিতা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষক-কর্মচারীদের দায়িত্বশীলতা এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—আন্ধারমুহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়, চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কারেন্ট হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কারেন্ট হাট ডিগ্রি কলেজ।
এ সময় হুইপ বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, নিয়মিত ক্লাস হচ্ছে কি না, শিক্ষকরা সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হন কি না এবং শিক্ষা-সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে কি না—এসব বিষয়ে জানতে চান।
তিনি শিক্ষক-কর্মচারীদের নিয়মিত ও সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি, পাঠ পরিকল্পনা অনুযায়ী শ্রেণি কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, প্রাঙ্গণ, ওয়াশরুম ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়েও তিনি সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।
শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানিয়ে হুইপ মোবাইল ফোনের অপব্যবহার ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় থেকে বিরত থাকার পরামর্শ দেন। পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ করে ছাত্রীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় এগিয়ে গিয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উৎসাহিত করেন।
এ ছাড়া মাদক, যৌন হয়রানি, কিশোর অপরাধ, অনলাইন আসক্তিসহ বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহ্বান জানান তিনি।
অভিভাবকদের উদ্দেশে হুইপ বলেন, সন্তানদের পড়াশোনার প্রতি নিয়মিত নজর রাখতে হবে, বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের বিষয়ে সচেতন হতে হবে।
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি গ্রহণযোগ্য নয়।
প্রতিটি শিক্ষার্থীর প্রতি সমান গুরুত্ব দিয়ে আন্তরিকতার সঙ্গে পাঠদান করতে হবে।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের কাছ থেকে তথ্য নেন এবং শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের শৃঙ্খলা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের সরেজমিন পরিদর্শন নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, এমপি, দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা)।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

মতামত