কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানিতে ফুটবল খেলতে নেমে তীব্র স্রোতে ভেসে গিয়ে মোস্তাকিম হোসেন (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত ঘাটে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
নিখোঁজ মোস্তাকিম সোনাতলা হায়দারের চর এলাকার রতন জমাদারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে ৫-৬ জন শিশু নদীর পানিতে ফুটবল খেলছিল। এ সময় নদীর তীব্র স্রোতে মোস্তাকিম ও ইব্রাহিম নামের দুই শিশু গভীর পানিতে ভেসে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে ইব্রাহিমকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও প্রবল স্রোতে চোখের সামনেই তলিয়ে যায় মোস্তাকিম। উদ্ধার হওয়া ইব্রাহিম একই গ্রামের জিয়ারুল শাহের ছেলে।
ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ এবং ভেড়ামারা ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় জেলেরাও নদীতে জাল ফেলে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। তবে পদ্মার তীব্র স্রোতের কারণে উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে ঘটনার পর থেকে নিখোঁজ শিশুর স্বজনরা নদীর তীরে আহাজারি ও উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন। ভেড়ামারা ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, নিখোঁজ মাদ্রাসা ছাত্রটিকে উদ্ধারে তাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

মতামত