সিলেট বিভাগীয় প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও আধুনিক সাংবাদিকতা বিষয়ে জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে সিলেট বিভাগীয় প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। মিডিয়া ইনস্টিটিউট এন্ড ট্রেনিংয়ের প্রশিক্ষকদের মাধ্যমে সংবাদ সংগ্রহ ও সংবাদ লেখা, তথ্য যাচাই, ডিজিটাল সাংবাদিকতা, সাংবাদিকতার নীতি-নৈতিকতা এবং পেশাগত দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ইনস্টিটিউট এন্ড ট্রেনিংয়ের চেয়ারম্যান ও দৈনিক মহাযুগ পত্রিকার সম্পাদক ফরিদ আহমেদ নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ইনস্টিটিউট এন্ড ট্রেনিংয়ের কো-অর্ডিনেটর ইব্রাহিম হাসান (হাসনাইন)।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক নয়া দিগন্তের সাবেক হেড অব ডিজিটাল যুবরাজ ফয়সল, হার্ড নিউজ বাংলা সার্ভিসের হেড অব ডিজিটাল আব্দুল্লাহ আল মাহমুদ এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রতিবেদক ইসমাইল আহসান। তারা সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বাস্তবভিত্তিক ও তথ্যসমৃদ্ধ প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জোসেফ আলী চৌধুরী, সহ-সভাপতি অপু দাস এবং অর্থ সম্পাদক মো. সবুজ মিয়া।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কণ্ঠের সিলেট বিভাগীয় ব্যুরো চিফ সুহেল আহমদ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. সুয়েজ হোসেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিভাগীয় প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক নাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. মশাহিদ আহমদ। এছাড়া বক্তব্য রাখেন নির্যাতিত সাংবাদিক আব্দুল বাসিত খান।
প্রশিক্ষণ কর্মশালায় সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার পরিধি ও ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার কৌশল, তথ্য যাচাই, ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশন এবং পেশাগত নীতি-নৈতিকতা সম্পর্কে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও মানসম্মত সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ হবে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

মতামত