মুন্সীগঞ্জে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতকার্য ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তোমাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি তোমাদের পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানেরও গর্ব।”
তিনি আরও বলেন, “জীবনে ভালো ফলাফল অর্জন অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে প্রকৃত সাফল্য শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়। সততা, শৃঙ্খলা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধের মাধ্যমে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তোমরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই মাদক, সন্ত্রাস, অপরাধ ও যেকোনো অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।”
পুলিশ সুপার কৃতকার্য সব শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
পরে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতকার্য ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি-২০২৬ পরীক্ষায় মোট ২৪৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২৪৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। প্রতিষ্ঠানের পাসের হার ৯৮ দশমিক ৮০ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৪১ জন শিক্ষার্থী।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

মতামত