মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ঝাউতলায় একটি ফ্ল্যাটের গ্রিল কেটে চুরির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত স্বর্ণালঙ্কার ও স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৪০ হাজার টাকা এবং চুরির কাজে ব্যবহৃত দেশীয় সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কালকিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের ঝাউতলা এলাকার বাসিন্দা জান্নাতুল হুসনা সন্তানদের পড়াশোনার সুবাদে ঢাকায় বসবাস করেন। গত ২৫ আগস্ট থেকে ২৮ আগস্টের মধ্যে তার বাসার দ্বিতীয় তলার ব্যালকনি ও জানালার গ্রিল কেটে প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার ও রূপা চুরি হয়।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মূল চোর মো. সুজন সরদারকে (৩৪) উপজেলা পরিষদ এলাকা থেকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বসতঘর থেকে চোরাই স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৪০ হাজার টাকা এবং গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালকিনি বাজারের ‘বিসমিল্লাহ জুয়েলার্স’-এর মালিক এনামুল হককে (৪৫) গ্রেফতার করে পুলিশ এবং ওই দোকান থেকে হার, টিকলি, কানের দুলসহ উদ্ধার করা হয় গলিত স্বর্ণের টুকরো।
কালকিনি থানায় এ সংক্রান্ত মামলা দায়ের শেষে আটক দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

মতামত