গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের লুটপাট ও অপরিকল্পিত নীতির কারণেই দেশে বর্তমান বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন।
তিনি বলেন, ‘কুইক রেন্টালের নামে ধ্বংস করা বিদ্যুৎ খাতের সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয়।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জামালপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন বলেন, বর্তমানে জামালপুরসহ সারা দেশে বিদ্যুৎ ও গ্যাসের যে সংকট চলছে, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তার অভিযোগ, বিগত সরকার কুইক রেন্টালের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এর ফলে দেশ ঋণগ্রস্ত হয়েছে এবং বিপর্যস্ত একটি বিদ্যুৎ ব্যবস্থা রেখে যাওয়া হয়েছে। সেই ব্যবস্থার প্রভাবেই জনগণকে বর্তমানে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে দাবি করেন তিনি।
জনগণকে বর্তমান পরিস্থিতির বাস্তবতা অনুধাবন করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বিদ্যমান সংকট থেকে উত্তরণের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার বিদ্যুৎ ও গ্যাস সংকট দ্রুত নিরসনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে তেল আমদানিতে যে বাধা সৃষ্টি হচ্ছে, সেটিও বর্তমান সংকটের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি অভিযোগ করেন, পরাজিত ও পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদ্যুৎ সংকটকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।
জামালপুরে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না—এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জামালপুরের মাটিতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যেকোনো চেষ্টা সফল হতে দেওয়া হবে না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি জনগণের পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।
আলোচনা সভা শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের ফৌজদারি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

মতামত