ফেনীতে মাদক-চোরাচালান ও যানজট নিরসনে কার্যকর উদ্যোগের আশ্বাস নবাগত ডিসির
ফেনীতে মাদক ও চোরাচালান প্রতিরোধ, যানজট নিরসন এবং সাধারণ মানুষের জন্য সরকারি সেবা সহজ ও হয়রানিমুক্ত করার বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।
সভায় ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক সমকালের ফেনী জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন এবং এসএ টিভির ফেনী জেলা প্রতিনিধি জাবেদ হোসাইন মামুন। এ সময় ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকরা ফেনী জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও নাগরিক দুর্ভোগের বিষয়গুলো জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। বিশেষ করে মাদক ও চোরাচালান প্রতিরোধ, শহরের যানজট নিরসন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সরকারি সেবা নিতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।
সাংবাদিকরা বলেন, জেলার বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানের বিস্তার রোধে জেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে শহরের যানজট নিরসন ও জনসাধারণের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও জরুরি।
জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, জেলা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব হলো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করা। কোনো নাগরিক যাতে হয়রানি বা অযথা ভোগান্তির শিকার না হয়ে প্রয়োজনীয় সরকারি সেবা গ্রহণ করতে পারেন, তা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করবে।
তিনি আরও বলেন, একজন নাগরিকের যেসব অধিকার রয়েছে এবং যেসব সরকারি সেবা তার প্রাপ্য, সেগুলো যেন তিনি নির্বিঘ্নে পান—এ ব্যবস্থা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। এ বিষয়ে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।
ফেনীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে তা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক। জেলার উন্নয়ন, জনকল্যাণ ও নাগরিক সেবা নিশ্চিত করতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যা সমাধান, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

মতামত