চট্টগ্রাম নগরের খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগা (৪২)-কে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম, তাঁর বডিগার্ডসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের সরকারি একটি গাড়িও ভাঙচুর করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে নগরের খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোররাত সাড়ে ৪টার দিকে ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় খুলশী থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়াকিলের অনুসারীরা রাস্তায় ব্যারিকেড তৈরি করে বাধা সৃষ্টি করেন। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে হামলা চালায়।
হামলায় খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম, তাঁর বডিগার্ডসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হন। একই সময়ে পুলিশের সরকারি গাড়িতেও ভাঙচুর চালানো হয়।
পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের সুযোগে ওয়াকিল হোসেন পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, বাসার ভেতরে থাকা একটি গোপন সুড়ঙ্গপথ ব্যবহার করে পরিবারের সদস্যদের সহযোগিতায় তিনি পালিয়ে যান।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি পালিয়ে যাওয়া ওয়াকিল হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং অভিযুক্ত সন্ত্রাসীকে পালিয়ে যেতে সহযোগিতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত