চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। অভিযানে দুই শতাধিক দোকান ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে বহদ্দারহাট মসজিদের সামনে থেকে শাহ আমানত সেতু সড়কের বহদ্দার পুকুর পাড় পর্যন্ত সড়ক ও ফুটপাতের ওপর গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়।
অভিযানের ফলে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ফুটপাত ও সড়কের একটি অংশ দখলমুক্ত হয়েছে। এতে পথচারীদের চলাচল ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরীর সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট স্থাপনের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীর চলাচলের পথ দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখতে দেওয়া হবে না।
তিনি বলেন, অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। উচ্ছেদের পর একই স্থানে যাতে আবার দোকানপাট বসতে না পারে, সে বিষয়েও নজরদারি করা হবে।
চসিকের এই অভিযানে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও পথচারীদের একটি অংশ ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন। নগরবাসীর প্রত্যাশা, শুধু উচ্ছেদ নয়, অভিযান-পরবর্তী সময়ে দখল ঠেকাতেও কার্যকর নজরদারি অব্যাহত থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত