‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপারস বাংলাদেশ ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে এবং কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয় প্লানেটিয়ারস ক্লাবের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ধরিত্রী রক্ষায় আমরা -ধরা পাথরঘাটা উপজেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায়
কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পাথরঘাটা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইমাম হোসেন বাবুল, বিশেষ অতিথি ছিলেন, ধরিত্রী রক্ষায় আমরা -ধরা এর বরগুনা জেলার সদস্য সচিব পরিবেশকর্মী মুশফিক আরিফ, সমাজকর্মী মেহেদী শিকদার, আব্দুল মালেক, সোহাগ আকন, মাইনুল ইসলাম রেজা, মিথুন মিত্রসহ প্লানেটিয়ারস ক্লাবের সদস্যরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশে এসব চারা রোপণ ও পরিচর্যার জন্য উৎসাহিত করা হয়।
আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি এবং বৃক্ষরোপণে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, মানুষের জীবন ও জীববৈচিত্র্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মাধ্যমে প্রতিটি পরিবারে বৃক্ষরোপণের বার্তা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আয়োজক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত