দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৪০ পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপর এক সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএমের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে কাহারোল উপজেলার ১ নম্বর ডাবোর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মহেশপুর গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে দিঘিয়া পুকুরগামী মৃত সিরাজুল ইসলামের বসতবাড়ির সামনে থেকে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. রশিদুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর মহেশপুর গ্রামের মো. মকবুল ইসলামের ছেলে।
পরে গ্রেপ্তার রশিদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে বীরগঞ্জ উপজেলার রসুলপুর (হাফিজ মেম্বারপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. আবু সাঈদ ইসলাম (৩৪) নামে অপর এক ব্যক্তি তার বসতবাড়ির আঙিনায় একটি লাল রঙের শপিং ব্যাগ ফেলে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে ওই শপিং ব্যাগ তল্লাশি করে আরও ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ নিয়ে অভিযানে মোট ৩৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার রশিদুল ইসলাম ও পলাতক আবু সাঈদ পরস্পরের সহযোগিতায় ও যোগসাজশে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য কাহারোল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত