বিশেষ প্রতিনিধি
শ্রীনগর (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকাসক্ত দেবরের ধারালো অস্ত্রের হামলায় গৃহবধূ রিতা আচার্যের (৪৫) মৃত্যুর পর, সেই শোক সইতে না পেরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তার প্রবাসী স্বামী হরি আচার্য। এ ঘটনায় পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশ ও গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মানবোড়পাড়া এলাকায় রিতা আচার্যের ওপর তার মাদকাসক্ত দেবর রুহি আচার্য ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত অবস্থায় রিতাকে উদ্ধার করে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৮ আগস্ট রাতে তার মৃত্যু হয়।
দীর্ঘ ২০-২৫ বছর ধরে কুয়েতে প্রবাস জীবন কাটানো হরি আচার্য স্ত্রীর ওপর হামলার খবর পেয়ে দ্রুত দেশে ফেরেন। স্ত্রীর করুণ পরিণতি এবং নির্মম মৃত্যু দেখে তিনি মানসিকভাবে মারাত্মক ভেঙে পড়েন। একপর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হরি আচার্যের মৃত্যুর সংবাদ ভাগ্যকুলে পৌঁছালে স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মাঝে শোকের মাতম শুরু হয়। তাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকা স্থবির হয়ে পড়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত