মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া বাজারে মোঃ আব্দুর রহিম (স্বপন দেওয়ান) নামে এক ব্যবসায়ী ও সাংবাদিককে নিজ দোকান থেকে বের করে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে ফায়ার সার্ভিসের ফাইটার ম্যান সবুজ হোসেনের বিরুদ্ধে। স্বজনদের দাবি, তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত স্বপন দেওয়ান বর্তমানে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও আহতের স্বজনদের অভিযোগ, ধানকোড়া বাজারের কাউন্সিলর অফিসের সামনে স্বপন দেওয়ানের নিজ দোকান থেকে তাকে বের করে নিয়ে যান সবুজ হোসেন। পরে তিনি এলাকার আরও ৩-৪ জন লোককে সঙ্গে নিয়ে স্বপন দেওয়ানের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
স্বজনদের দাবি, হামলায় স্বপন দেওয়ানের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। বিশেষ করে দুই হাত, দুই পা ও কিডনির আশপাশে আঘাত করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
একপর্যায়ে আহত অবস্থায় তাকে সাটুরিয়া থানায় নেওয়া হলে পুলিশ দ্রুত তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান। পরে সেখানেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত – সাংবাদিক স্বপন দেওয়ান
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুল মাঠে খড় শুকানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। দুপুরে এ বিষয় নিয়ে মোঃ আব্দুর রহিম (স্বপন দেওয়ান) ও লাভুর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি মীমাংসা হয়ে যায় বলে স্থানীয়রা জানান।
তবে পরবর্তীতে ধানকোড়া বাজারে স্বপন দেওয়ানের দোকানে গিয়ে তাকে বের করে নিয়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তার স্বজন ও স্থানীয়রা।
আহত স্বপন দেওয়ানের পরিবারের অভিযোগ, সবুজ হোসেন ফায়ার সার্ভিসে কর্মরত হওয়ায় তার সরকারি পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে হামলার ঘটনা ঘটানো হয়েছে।
পরিবারের দাবি, একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তির ভূমিকা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় আহত স্বপন দেওয়ানের বাবা সাটুরিয়া থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রাত অনেক হয়ে যাওয়ায় ওই সময় অভিযোগ গ্রহণ করা সম্ভব হয়নি। সকালে অভিযোগ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গেছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন আহত স্বপন দেওয়ানের পরিবার ও স্থানীয়রা। একই সঙ্গে ফায়ার সার্ভিসের ফাইটার ম্যান সবুজ হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্তের দাবি জানানো হয়েছে।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত সবুজ হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত