চট্টগ্রামের পটিয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৫টা ৪০ মিনিট পর্যন্ত উপজেলার কেলিশহর ইউনিয়নের ভট্টাচার্যহাট সংলগ্ন অইল্লারটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে ও সংস্থাটির অংশগ্রহণে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। অভিযানে পুলিশ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।
অভিযানকালে মেসার্স হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম-এর দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় বিসিআইসি সার ডিলার হাজী মো. রফিকুল ইসলাম (৬৫)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করে ওই এলাকায় কয়েকজন খুচরা সার বিক্রেতা ও ডিলারের বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
সূত্রের তথ্যমতে, সরকার নির্ধারিত মূল্যের তুলনায় ইউরিয়া সার প্রতি কেজি ২৭ টাকার পরিবর্তে ৩২ থেকে ৩৫ টাকা, টিএসপি (তিউনিসিয়া) সার ২৭ টাকার পরিবর্তে ৪০ থেকে ৪৮ টাকা, ডিএপি সার ২১ টাকার পরিবর্তে ২৫ থেকে ৩০ টাকা এবং এমওপি সার ২০ টাকার পরিবর্তে ২৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত