কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ ওষুধ, পাতার বিড়ি ও গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব অবৈধ ভারতীয় মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ১৩ লাখ ৫৫ হাজার ১০০ টাকা।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী বিওপির বিজিবি সদস্যরা মরার পাড়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৯৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২ হাজার ৮০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৬০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৫১ হাজার টাকা।
অন্যদিকে, পৃথক দুটি অভিযানে জামালপুর বিওপির সদস্যরা কাশেম বাজার এলাকা থেকে ৭২ হাজার ৬০০ টাকা মূল্যের ১ হাজার ৩২০ প্যাকেট পাতার বিড়ি এবং বিলগাথুয়া বিওপির সদস্যরা দক্ষিণ বিলগাথুয়া মাঠ থেকে ৩১ হাজার ৫০০ টাকা মূল্যের ৯ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
বিজিবি জানায়, উদ্ধারকৃত এসব ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য দৌলতপুর থানায় জমা দিয়ে পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি’র এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত