সংসদে কুড়িগ্রামে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি।
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে সরকারি মেডিকেল কলেজ ও সংযুক্ত শিক্ষণ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহবুবুল আলম স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চান।
প্রশ্নে তিনি বলেন, কুড়িগ্রামের বিপুল জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবার সংকটে রয়েছে। জটিল রোগের চিকিৎসার জন্য জেলার মানুষকে প্রায়ই রংপুর, অন্যান্য জেলা কিংবা রাজধানী ঢাকায় যেতে হয়। এতে সময়, অর্থ ও যাতায়াতে বাড়তি চাপ তৈরি হয়।
তিনি কুড়িগ্রামে সরকারি মেডিকেল কলেজ ও সংযুক্ত শিক্ষণ হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে কি না জানতে চান। পাশাপাশি পরিকল্পনা না থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, দেশের জনস্বাস্থ্য সুরক্ষা, দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী তৈরি এবং চিকিৎসা ও নার্সিং শিক্ষার সম্প্রসারণ ও মানোন্নয়ন বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
মন্ত্রী আরও বলেন, চিকিৎসা শিক্ষার পাশাপাশি হাসপাতালভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ, বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক ল্যাবরেটরি ও প্রয়োজনীয় স্বাস্থ্য অবকাঠামো নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
কুড়িগ্রামবাসীর দাবি, সরকারের স্বাস্থ্যশিক্ষা সম্প্রসারণের পরিকল্পনার আওতায় দ্রুত কুড়িগ্রামে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ ও আধুনিক শিক্ষণ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হোক। এতে জেলার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার মানুষও উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন এবং উত্তরাঞ্চলে চিকিৎসক তৈরির সুযোগ বাড়বে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত