শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে অটোরিকশাসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামাল ও অটোরিকশার আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর ২০২৬) ময়মনসিংহের ৩৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে অবৈধভাবে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল। খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ওই এলাকায় ঝটিকা অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালানোর চেষ্টা করে। পরে সেখান থেকে প্রসাধনী বহনকারী ১টি অটোরিকশা এবং বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী আটক করতে সক্ষম হয় বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত