চরচান্দিয়ায় ময়লার ভাগাড় তৈরির উদ্যোগ, ‘কোনোভাবেই করতে দেওয়া হবে না’—স্থানীয়দের সাফ কথা
প্রস্তাবিত ময়লার ভাগাড় নিয়ে প্রশাসন ও স্থানীয় জনগণের মধ্যে পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই নজর সোনাগাজীবাসীর।
সোনাগাজী পৌরসভার ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য চরচান্দিয়া এলাকায় একটি পরিত্যক্ত জায়গা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারজান হোসাইন ও সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসিম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিএনপি-জামায়াতের উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও এলাকাবাসীর বড় একটি অংশ প্রস্তাবিত স্থানে ময়লার ভাগাড় তৈরির বিষয়ে সরাসরি আপত্তি জানিয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য, চরচান্দিয়া এলাকায় কোনোভাবেই ময়লা-আবর্জনার ভাগাড় করতে দেওয়া হবে না।
স্থানীয়দের আশঙ্কা, বসতবাড়ি ও জনবসতির আশপাশে নিয়মিত পৌরসভার ময়লা-আবর্জনা ফেলা হলে দুর্গন্ধ, পরিবেশদূষণ, মশা-মাছির উপদ্রবসহ জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।
এলাকাবাসী জানান, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তারা অস্বীকার করছেন না। তবে এর জন্য এমন একটি স্থান নির্বাচন করতে হবে, যেখানে স্থানীয় জনগণের স্বাস্থ্য, পরিবেশ ও বসবাসের ওপর নেতিবাচক প্রভাব পড়বে না।
এদিকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থানটি পরিদর্শনের মাধ্যমে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানা গেছে। তবে স্থানীয়দের তীব্র আপত্তির বিষয়টি বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
প্রস্তাবিত ময়লার ভাগাড় নিয়ে প্রশাসন ও স্থানীয় জনগণের মধ্যে পরবর্তী সময়ে কী সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই নজর সোনাগাজীবাসীর।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত