ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন: ১/২ সপ্তাহের মধ্যে শিডিউল ঘোষণার ইঙ্গিত ইসির
আমজাদ হোসেন মিঠু,
নিজস্ব প্রতিবেদক:
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ভোটগ্রহণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে নির্বাচনের বিস্তারিত সময়সূচি ও কর্মপরিকল্পনা জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্বাচনের আচরণবিধি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে, যা দুই-এক দিনের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে। নতুন আচরণবিধিতে জাতীয় সংসদ নির্বাচনের বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য বিভিন্ন পাবলিক পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটের তারিখ নির্ধারণ করা হচ্ছে বলে জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, “পাবলিক পরীক্ষাগুলো আমাদের বিবেচনায় রাখতে হচ্ছে। কারণ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এবং শিক্ষকগণ প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন। তাই পরীক্ষার সময়ের সাথে সামঞ্জস্য রেখে আগে বা পরে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। তবে আইনগত বাধ্যবাধকতা রয়েছে—এমন বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আরও জানান, ইউপি নির্বাচনের প্রথম পর্যায় শেষ হওয়ার পর পারিপার্শ্বিক পরিস্থিতি ও আইনি বাধ্যবাধকতা বিবেচনায় নিয়ে সিটি করপোরেশন, পৌরসভাসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি মাসের মধ্যেই নির্বাচন সংক্রান্ত অনেক বিষয় সুনির্দিষ্ট করে সর্বসাধারণের সামনে প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করে নির্বাচন কমিশন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত