সাফল্য হোক অনুপ্রেরণা, প্রতিযোগিতা হোক এগিয়ে যাওয়ার শক্তি ----------
১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. মেহের- হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অনুষ্ঠিত হলো এসএসসি পরীক্ষায় শতভাগ GPA-5 অর্জনকারী এবং ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, একাডেমিক ও আন্তঃহাউস বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফাতেহা তুজ জোহরা, উপজেলা নির্বাহী অফিসার, চিরিরবন্দর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. ফজলে এলাহী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার; জনাব মোছা. মিনারা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার; এবং জনাব প্রাণ কৃষ্ণ ঘরামী, উপজেলা একাডেমিক সুপারভাইজার, চিরিরবন্দর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব জনাব মো. ময়েন উদ্দীন শাহ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মো. মোস্তফা কামাল, পরিচালক জনাব মো. আল আমিন শাহ, শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ ও সুধীজন।
অতিথিবৃন্দের মূল্যবান বক্তব্য, উপদেশ ও দিকনির্দেশনা শিক্ষক-শিক্ষার্থী সকলকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। তাঁদের বক্তব্যে উঠে এসেছে—শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও আত্মবিশ্বাস অর্জনের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করাই শিক্ষার প্রকৃত লক্ষ্য।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মুখে ছিল সাফল্যের আনন্দ। আর যারা এবার পুরস্কার অর্জন করতে পারেনি, তাদের জন্য এই আয়োজন হয়ে উঠেছে নতুন করে চেষ্টা করার অনুপ্রেরণা। কারণ, আজকের সাফল্য আগামী দিনের লক্ষ্য তৈরি করে, আর আজকের অপূর্ণতা আগামী দিনের সাফল্যের জন্য পথ দেখায়।
এভাবেই সুস্থ প্রতিযোগিতা শিক্ষার্থীদের আরও মনোযোগী, পরিশ্রমী ও আত্মবিশ্বাসী করে তোলে। একজনের সাফল্য অন্যজনকে অনুপ্রাণিত করে—আর সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যেই তৈরি হয় একটি সুন্দর শিক্ষাঙ্গন।
আমাদের প্রত্যাশা—আজ যারা পুরস্কার পেয়েছে তারা আরও ভালো করবে, আর যারা পায়নি তারা আগামী দিনে আরও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে এসে সাফল্য অর্জন করবে।
প্রথম পর্বের এই আনন্দঘন আয়োজনের পর দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।
সাফল্য হোক অনুপ্রেরণার, প্রতিযোগিতা হোক ইতিবাচক, আর শিক্ষা হোক জীবন গড়ার শক্তি।
সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

মতামত