মুন্সীগঞ্জের গজারিয়ায় স্ত্রী রিনা বেগমকে হত্যার অভিযোগে তার স্বামী সুমন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১২ সেপ্টেম্বর সকালে গজারিয়া উপজেলার চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকায় নিজ বসতঘর থেকে রিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
নিহত রিনা বেগম টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের মো. ইব্রাহিমের মেয়ে। প্রায় ১৭ বছর আগে সুমন সরকারের সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সুমন পেশায় রং মিস্ত্রি।
পুলিশের দাবি, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। ঘটনার দিন রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে সুমন স্ত্রীর মোবাইল ফোন ভেঙে ফেলেন।
পরে রাতে রিনা মেয়ের সঙ্গে ছোট একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার দিকে সুমন ওই কক্ষে গিয়ে ঘুমন্ত অবস্থায় রিনার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
হত্যার পর সুমন কুমিল্লার বিভিন্ন এলাকায় অবস্থান করেন। পরে ঢাকার দিকে রওনা হলে গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশের একটি দল ১৩ সেপ্টেম্বর ভোর ৩টা ৪৫ মিনিটে টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় নিহতের ভাই সাফায়েত হোসেন বাদী হয়ে গজারিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতার সুমন সরকার চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকার বাছেদ সরকারের ছেলে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়েও তদন্ত চলছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত