শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৩ সেপ্টেম্বর রাতে ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া সেগুন বাগান এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে ২৭৩ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ময়মনসিংহের ৩৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্তে মাদক ও চোরাচালানি মালামাল প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে।
৩৯ বিজিবির অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় বিজিবির সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছেন। সীমান্ত সুরক্ষায় এবং যে কোনো ধরণের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে এই কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত