📰 কচুয়ায় মাদ্রাসাছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, জামায়াত নেতা গ্রেপ্তার
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলায় ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে মো. নুরুল আলম (৪০) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আশ্রাফপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর এবং নিজ প্রতিষ্ঠিত একটি মহিলা মাদ্রাসার পরিচালক ও শিক্ষক বলে জানা গেছে।
সোমবার সকালে কচুয়া থানা পুলিশ গ্রেপ্তার নুরুল আলমকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার ১২ নম্বর আশ্রাফপুর ইউনিয়নের চক্রা গ্রামের বেনুছো বাড়িতে অবস্থিত মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীদের কক্ষে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে মাদ্রাসার এক ১৩ বছর বয়সী ছাত্রী পড়াশোনা করছিল। এ সময় অভিযুক্ত শিক্ষক তাকে কৌশলে পড়ার কক্ষ থেকে একটি শয়নকক্ষে নিয়ে যান।
মামলার বাদী ও ওই ছাত্রীর মা আনোয়ারা বেগমের অভিযোগ, শয়নকক্ষে নিয়ে যাওয়ার পর অভিযুক্ত শিক্ষক তার মেয়ের সঙ্গে অনাকাঙ্ক্ষিত শারীরিক আচরণ ও শ্লীলতাহানি করেন। পরে ওই ছাত্রী কান্না করতে করতে আবার পড়ার কক্ষে ফিরে এসে বিষয়টি সহপাঠীদের জানায়।
পরে বিষয়টি জানতে পেরে ছাত্রীর মা মাদ্রাসায় গিয়ে মেয়েসহ অন্যান্য শিক্ষার্থীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। তার অভিযোগ, অভিযুক্ত শিক্ষক এর আগেও মাদ্রাসায় অধ্যয়নরত কয়েকজন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেছেন।
এ ঘটনায় ছাত্রীর মা আনোয়ারা বেগম বাদী হয়ে মো. নুরুল আলমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় কচুয়া থানায় মামলা করেন। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
জানা গেছে, মো. নুরুল আলম মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশ্রাফপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচনী সমন্বয়কারীর দায়িত্ব পালন করেছিলেন বলে মামলার সংশ্লিষ্ট তথ্য থেকে জানা যায়।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুরুল আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার বিস্তারিত তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
সূত্র: মামলার এজাহার ও সংশ্লিষ্টদের বক্তব্য।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত