মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে চট্টগ্রামের বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে প্রতিনিধি দলটি নগরীর বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে পরিদর্শনে যায়।
পরিদর্শনকালে কেন্দ্রের মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট ডা. অঞ্জন চৌধুরী সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। তিনি কেন্দ্রের চিকিৎসা কার্যক্রম, মাদকনির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসা পদ্ধতি, কাউন্সেলিং এবং পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে প্রতিনিধি দলকে বিস্তারিত অবহিত করেন।
ডা. অঞ্জন চৌধুরী জানান, মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রটি মাদকনির্ভরশীল ব্যক্তিদের শারীরিক ও মানসিক চিকিৎসার পাশাপাশি কাউন্সেলিং, সচেতনতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করছে। সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ২৫ শয্যার এ কেন্দ্রে রোগীদের থাকা, খাওয়া ও চিকিৎসাসেবার পাশাপাশি নিয়মিত ইনডোর ও আউটডোর কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে রোগীদের অভিভাবকদেরও সচেতনতামূলক কাউন্সেলিং দেওয়া হয়।
রোগীদের মানসিক প্রশান্তি ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি, বিনোদনের ব্যবস্থা এবং দৃষ্টিনন্দন ফুলের বাগান। পরিদর্শনের সময় মেডিকেল সুপারিন্টেন্ডেন্ট ডা. অঞ্জন চৌধুরী প্রতিনিধি দলকে কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড ও কার্যক্রম ঘুরিয়ে দেখান।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করা এবং মাদকনির্ভরশীল ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা মানবিক ও সামাজিক দায়িত্ব। এ ক্ষেত্রে সরকারি চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি পরিবার, সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, মানবাধিকার সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভাগীয় মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের চলমান মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।
পরিদর্শনকালে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মোমেন এবং নির্বাহী সদস্য আনিচুল রহমান ফাহিম উপস্থিত ছিলেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত