মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালীপাড়ায় অভিযান চালিয়ে ৭০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাগমামুদালীপাড়া এলাকায় কৃষি ব্যাংক সংলগ্ন গোয়ালপাড়াগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের দিকনির্দেশনায় জেলার মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবির একটি দল। অভিযানে এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশ নেন।
অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ রাকিব খান (২৫), মহিউদ্দিন চৌধুরি ওরফে হিজবুল্লাহ (২৬) এবং কামরুল হাসান (২৬) নামে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে রাকিব খান নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দা, মহিউদ্দিন চৌধুরি ওরফে হিজবুল্লাহ বাগেরহাটের মোল্লারহাটের বাসিন্দা এবং কামরুল হাসান নারায়ণগঞ্জ সদর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান আরও জোরদার করা হবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত