কালুরঘাট সেতু দ্রুত নির্মাণ, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন আয়োজন, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ ১০ দফা নাগরিক দাবি বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরাম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনে সংগঠনটির চট্টগ্রাম মহানগর কমিটির প্রথম সাংগঠনিক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের মহানগর সভাপতি হামিদ হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দুলাল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ সেলিম।
নাগরিক সমস্যা সমাধানে ধারাবাহিক কর্মসূচি
সভায় বক্তারা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও শিল্পাঞ্চল চট্টগ্রাম। অথচ দীর্ঘদিন ধরে নগরবাসী জলাবদ্ধতা, যানজট, ফুটপাত দখল এবং গ্যাস, পানি ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন নাগরিক সমস্যায় ভুগছেন।
এসব সমস্যা সমাধানে নিয়মতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন, গোলটেবিল বৈঠক ও মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দ্রুত কালুরঘাট সেতু নির্মাণের দাবি
সভায় দক্ষিণ চট্টগ্রামসহ বৃহত্তর চট্টগ্রামের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্ব বিবেচনায় কালুরঘাটে দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানানো হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি প্রয়োজনে ঢাকায় গোলটেবিল বৈঠক আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
দ্রুত চসিক নির্বাচন আয়োজন
নগরীতে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় বিভিন্ন ওয়ার্ডে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে উল্লেখ করে দ্রুত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের দাবি জানান বক্তারা।
পাশাপাশি চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন, খাল-নালা পরিষ্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার এবং নগরীর যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
থানা ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন বিস্তার
নাগরিক ফোরামের কার্যক্রম আরও গতিশীল করতে নগরীর প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের সাধারণ নাগরিকদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা জানানো হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের বিষয়টিও তুলে ধরা হয়। এতে কক্সবাজার ক্লাব লিমিটেডের সভাপতি আবু সৈয়দকে চেয়ারম্যান এবং সাবেক সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমানকে কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় আরও বক্তব্য দেন মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি লায়ন জিল্লুর রহমান শাকিল, ওয়াহিদুল আলম মাস্টার, মহসিন মিয়া, বিপ্লব বড়ুয়া, মোহাম্মদ শামসুল আলম রানা, সাজু তালুকদার, লায়ন ফরহাদ মোস্তফা, মোহাম্মদ বেলাল হোসেন
লায়ন মিনহাজুর রহমান
যুগ্ম সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরাম;
ভাইস প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব ঢাকা অ্যাকটিভ সিটিজেন্স;
সভাপতি, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলা। কেন্দ্রীয় ও মহানগর পযায়ের নেতৃবৃন্দ।
সভা শেষে চট্টগ্রাম মহানগরসহ বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য ও উপকূলীয় এলাকার নাগরিক স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

মতামত