চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজ উদ্দিনের বিরুদ্ধে ফাজিল প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে প্রকাশ্যে বেত্রাঘাত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী কাজী মোহাম্মদ আশরাফুল ইসলাম মিজান (রোল-০৮) গত ২১ সেপ্টেম্বর চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে শিক্ষার্থী উল্লেখ করেন, গত ১৬ সেপ্টেম্বর মাদ্রাসায় এসেম্বলি চলাকালে তিনি যথাসময়ে প্রতিষ্ঠানে প্রবেশ করেন। এ সময় অধ্যক্ষ কোনো কারণ জিজ্ঞাসা না করেই মাঠে উপস্থিত শিক্ষার্থীদের সামনে তাকে বেত দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগকারী আরও জানান, তিনি ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী—এ কথা জানানোর পরও তাকে বেত্রাঘাত করা হয়। এতে তিনি শারীরিকভাবে আহত হওয়ার পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন এবং বর্তমানে ক্লাসে যেতে পারছেন না বলে অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগপত্রে আরও দাবি করা হয়, এর আগেও শিক্ষার্থীর চাচাতো ভাইসহ কয়েকজন শিক্ষার্থী অধ্যক্ষের মাধ্যমে হেনস্তার শিকার হয়েছেন। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ওই শিক্ষার্থী।
তিনি বলেন, কারও প্রতি অসম্মান করার উদ্দেশ্যে নয়, ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থী এমন পরিস্থিতির শিকার না হন—সে কারণেই প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।
অভিযোগের অনুলিপি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং মাদ্রাসার গভর্নিং বডির সভাপতির কাছেও দেওয়া হয়েছে।
এ বিষয়ে শিক্ষার্থী কাজী মোহাম্মদ আশরাফুল ইসলাম মিজানের বাবা কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রশাসন ও সংশ্লিষ্ট মহলের কাছে ন্যায়সংগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
অভিযোগের বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন বেত্রাঘাতের বিষয়টি স্বীকার করেছেন। তবে তার দাবি, কয়েকজন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে বাইরে ঘোরাঘুরি করায় তাদের শাসন করা হয়েছে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত