আমজাদ হোসেন মিঠু
বিশেষ প্রতিনিধি
বাঁশখালী (চট্টগ্রাম):
চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রতিবেশীর মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। বউ-শাশুড়ির ঝগড়া ও হাতাহাতি থামাতে গিয়ে কাঠ দিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মোহাম্মদ রাশেদ (৩৫) নামের এক যুবক মারা গেছেন। এই ঘটনায় অভিযুক্ত গৃহবধূ জমিলা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার সকালে বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ধূইল্যাঝিরি এলাকায় সংঘাতের এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে নাতনিকে দুষ্টুমির কারণে বেত দিয়ে শাসন করেন শাশুড়ি হোসনে আরা বেগম। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর সাথে তর্কে জড়ান পুত্রবধূ জমিলা আক্তার। একপর্যায়ে শাশুড়ি ও বউয়ের মধ্যকার বাকবিতণ্ডা তীব্র রূপ নেয়।
শাশুড়িকে রক্ষা করতে ও পরিস্থিতি শান্ত করতে প্রতিবেশী মোহাম্মদ রাশেদসহ কয়েকজন এগিয়ে আসেন। এসময় উত্তেজনার একপর্যায়ে গৃহবধূ জমিলা আক্তার হাতে থাকা কাঠের টুকরো দিয়ে রাশেদের মাথায় সজোরে আঘাত করেন। কাঠের আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাঁকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৬টার দিকে রাশেদের মৃত্যু হয়। এ সংঘর্ষের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত জমিলা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঝগড়া থামাতে গিয়ে একজন নিরীহ যুবকের এমন অকাল মৃত্যুতে সমগ্র এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত