পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে যশোরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) শহরের দড়াটানা ভৈরব চত্বরে মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের কথিত ১১ দলীয় ঐক্যজোটের নামে বিরোধী দল এবং নিষিদ্ধ আওয়ামী লীগ একই সুরে কথা বলছে। তারা দাবি করেন, কোনো ইস্যু না পেয়ে পরিকল্পিতভাবে দেশের শৃঙ্খলা নষ্টের চেষ্টা করা হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক ধারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বক্তারা আরও বলেন, বিএনপি দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন করেছে। তারা দাবি করেন, বিভিন্ন সময়ে নেতাকর্মীরা মামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।
সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও বক্তব্য দেন। তারা দাবি করেন, সরকার দেশের পুনর্গঠনে কাজ করছে।
সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ অন্য নেতৃবৃন্দ।
এর আগে শহরের মনিহার এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তাফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদসহ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত