শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের ৩৯ বিজিবির অধীনস্থ ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী খ্রিস্টানপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মদ আটক করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ১,৪৪,০০০ (এক লক্ষ চুয়াল্লিশ হাজার) টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল ঝিনাইগাতী উপজেলার খ্রিস্টানপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে চম্পট দেয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষাসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সীমান্তে মাদক পাচার, চোরাচালানি মালামাল পরিবহন এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোরতা নীতি এবং সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত