প্রবাসের হাড়ভাঙা খাটুনি, জমানো কষ্টার্জিত উপার্জন আর বুকে একরাশ ভালোবাসা নিয়ে গড়ে তোলা স্বপ্নের ঘর যখন বিশ্বাসের ধোঁকায় ধুলিসাৎ হয়, তার চেয়ে হৃদয়বিদারক আর কিছু হতে পারে না। মুঠোফোনের প্রেমে মজে মুঠোফোনেই বিয়ে, এরপর প্রবাস থেকে দেশে ফিরে চরম ভালোবাসায় হেলিকপ্টারে চড়িয়ে যাকে পরম শখে ঘরে তুলেছিলেন, সেই স্ত্রীর কাছ থেকে এই প্রতারণা? ভালোবাসার এমন নির্মম পরিণতি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এক প্রবাসীর আবেগ, ত্যাগ ও সরলতার সাথে এই ছিনিমিনি খেলা কেবল একটি সংসার ভেঙে দেওয়া নয়, বরং পুরো প্রবাসী সমাজের আবেগের ওপর এক চরম আঘাত।
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর প্রবাসী রবিন ঢালীর সঙ্গে ২০২৪ সালের ১০ জানুয়ারি মুঠোফোনে বিয়ে হয় লামিয়া আক্তার প্রিয়ার। পরে দেশে এসে রাজকীয় আয়োজনে হেলিকপ্টারে চড়িয়ে স্ত্রীকে ঘরে তুলে আনেন রবিন। কিন্তু প্রবাসীর সেই শখ ও ভালোবাসার মর্যাদা থাকেনি।
অভিযোগ উঠেছে, সম্প্রতি প্রবাসী স্বামীর বাড়ি থেকে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ লাখ টাকা এবং ২টি আইফোন ১৫ প্রো ম্যাক্স নিয়ে পরকীয়া প্রেমিক মো. রাসেলের সাথে পালিয়ে গিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন লামিয়া। এছাড়া বিয়ের পর প্রবাস থেকে পাঠানো প্রায় ৩০ লাখ ৩৩ হাজার টাকারও কোনো সুরাহা হয়নি।
আইনগত তালাক ছাড়াই দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাতের অভিযোগে রোববার (২৭ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন প্রবাসীর বাবা আমিরুল ঢালী। আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে (CID) দায়িত্ব দিয়েছেন। অন্যদিকে অভিযুক্ত লামিয়া টাকা নেওয়ার কথা অস্বীকার করলেও তালাক দিয়ে স্বর্ণসহ চলে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত