শাকিল প্রদানের পাঠানো তথ্যচিত্রে
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আতিকনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আয়োজিত সালিশ বৈঠকে অতর্কিত হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মিঠুনকে (৩৩) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, বালুয়াকান্দি ইউনিয়নের আতিকনগর এলাকায় শাহজাহান পক্ষ ও আরশাদ আলী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধটি মীমাংসার লক্ষ্যে গত ১৯ মে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, এ সময় প্রধান আসামি মিঠুন প্রতিপক্ষের হযরত আলীর ওপর চড়াও হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করেন।
ঘটনার পর এ ঘটনায় গজারিয়া থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা নিরপেক্ষ তদন্তের স্বার্থে আসামির জামিন না দেওয়ার আবেদন জানিয়ে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা মিঠুনের জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করে আদালতকে জানান, আসামির বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তিনি জামিনে মুক্ত হলে মামলার সাক্ষীদের প্রভাবিত বা ভয়ভীতি দেখানোর আশঙ্কা রয়েছে বলেও আদালতকে জানান।
উভয় পক্ষের বক্তব্য শুনে মামলার নথিপত্র ও অভিযোগের গুরুত্ব বিবেচনা করে আদালত মিঠুনের জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত