চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পটিয়া পৌরসভার বাহুলী এলাকার বাসিন্দারা। পচা-দুর্গন্ধযুক্ত বর্জ্যের স্তূপের পাশাপাশি নিয়মিত আগুন দেওয়ায় ছড়িয়ে পড়ছে কালো ধোঁয়া। এতে পথচারী, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও মহাসড়কে চলাচলকারী যাত্রীরা পড়ছেন দুর্ভোগে।
সরেজমিনে বাহুলী এলাকায় দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ ঘেঁষে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। পৌরসভার বর্জ্যবাহী গাড়ি এসে সেখানে নিয়মিত আবর্জনা ফেলছে। স্তূপের কোথাও পুরোনো বর্জ্য, আবার কোথাও নতুন করে ফেলা হয়েছে পচনশীল ময়লা। বিভিন্ন স্থানে বর্জ্যে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছে মহাসড়ক ও আশপাশের এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, পটিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা বর্জ্য দীর্ঘদিন ধরে এখানে ফেলা হচ্ছে। এক যুগেরও বেশি সময় ধরে একই স্থানে ময়লা ফেলা হলেও স্থায়ী কোনো ডাম্পিং স্টেশন তৈরি হয়নি।
স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন মেম্বার বলেন, “ময়লার দুর্গন্ধে এখানে চলাচল করাই কঠিন। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে মানুষকে নাকে-মুখে কাপড় দিয়ে চলতে হয়। সকাল, দুপুর, সন্ধ্যা—যখন তখন ময়লা ফেলে আগুন দেওয়া হয়। ধোঁয়া ও দুর্গন্ধে বাড়িতে থাকাও কষ্টকর।”
কাজী বোরহান উদ্দিন বলেন, মহাসড়কের পাশে ময়লা ফেলে পোড়ানোর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আশপাশের মানুষ। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি।
ভ্যানচালক সাহাব উদ্দিনের অভিযোগ, সাধারণ বর্জ্যের পাশাপাশি মৃত বিড়াল-কুকুরও এখানে ফেলে দেওয়া হয় এবং পরে সেগুলোতে আগুন দেওয়া হয়।
স্থানীয়দের আরও অভিযোগ, বর্ষা মৌসুমে বর্জ্যের একটি অংশ পাশের শ্রীমাই খালে গিয়ে পড়ছে। এতে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। শুষ্ক মৌসুমে আবার দুর্গন্ধ আরও তীব্র হয়ে ওঠে।
ময়লা পোড়ানোর ধোঁয়ায় মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরাও দুর্ভোগে পড়ছেন। শ্যামলী পরিবহনের চালক আবদুর রশিদ বলেন, কক্সবাজার থেকে ফেরার সময় এ স্থান দিয়ে যাওয়ার সময় ময়লার দুর্গন্ধ বাসের ভেতরেও ঢুকে পড়ে। যাত্রীরা তখন নাক-মুখ ঢেকে রাখেন।
স্থানীয় নুরুল আলম বলেন, পৌরসভা গঠনের এত বছর পরও একটি স্থায়ী ডাম্পিং স্টেশন না থাকা দুঃখজনক। বারবার দাবি জানানো হলেও সমস্যার সমাধান হচ্ছে না।
পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, এভাবে ময়লা ফেলে রাখলে মশা-মাছির উপদ্রব বাড়ে এবং রোগজীবাণু ছড়ানোর ঝুঁকি তৈরি হয়। বর্জ্যে আগুন দিলে ধোঁয়ার কারণে পরিবেশ আরও দূষিত হয়। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।
সড়ক ও জনপথ (সওজ) চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, পটিয়া পৌরসভা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মহাসড়কের পাশে ময়লা ফেলায় সওজ কর্তৃপক্ষও সমস্যায় পড়েছে। সড়কের একটি অংশে ময়লা ফেলার কারণে যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে। বিষয়টি পৌরসভাকে জানানো হয়েছে এবং জেলা ও উপজেলা উন্নয়ন সমন্বয় সভাতেও একাধিকবার তোলা হয়েছে। পৌর কর্তৃপক্ষ কয়েকবার সমাধানের আশ্বাস দিলেও এখনো স্থায়ী সমাধান হয়নি।
তবে পটিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, সমস্যাটি সমাধানে চেষ্টা চলছে। স্থায়ী ডাম্পিং স্টেশন করতে প্রায় দুই একর জমি প্রয়োজন। কয়েকটি জায়গা নির্বাচন করা হলেও বর্তমান বাজারদরে দুই একর জমি কিনতে প্রায় চার কোটি টাকা প্রয়োজন, যা পৌরসভার নিজস্ব তহবিল থেকে দেওয়া সম্ভব নয়।
ইউএনও বলেন, পৌরসভার নিজস্ব অর্থ দিয়ে জমি কিনে ফেললে প্রশাসনিক ও অন্যান্য জরুরি কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়বে। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের সচিব পৌরসভা পরিদর্শনে এসে ডাম্পিং স্টেশনের বিষয়ে আশ্বাস দিয়েছেন। এ ছাড়া গত সপ্তাহে চট্টগ্রাম জেলা প্রশাসক পৌরসভা পরিদর্শনে এসে ডাম্পিং স্টেশনের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দিতে বলেছেন। সে অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করে চিঠি পাঠানো হয়েছে।
ফারহানুর রহমান আরও জানান, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনামও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন।
দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধানে এখন প্রয়োজন নির্ধারিত ও পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা। মহাসড়কের পাশে ময়লার স্তূপ ও বর্জ্য পোড়ানোর কারণে জনস্বাস্থ্য, পরিবেশ ও সড়ক নিরাপত্তা—তিন ক্ষেত্রেই তৈরি হচ্ছে ঝুঁকি। তাই স্থায়ী ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত