রাখেশ চন্দ্র দাস,
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি আরও একদিন বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উত্থাপন করা হবে। প্রস্তাব অনুমোদিত হলে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ড. সালেহ শিবলী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সরকারি ছুটির বর্তমান তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। নতুন করে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করা হলে এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হবে।
ফলে সরকারি চাকরিজীবীরা ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি ভোগ করার সুযোগ পাবেন।
এদিকে, মূল সরকারি ছুটির পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ধর্মীয় উৎসব উপলক্ষে ঐচ্ছিক ছুটির ব্যবস্থাও রয়েছে।
তবে ২২ অক্টোবরের ছুটি কার্যকর হবে মন্ত্রিসভার অনুমোদন এবং পরবর্তী প্রজ্ঞাপন জারির পর। তাই বর্তমানে এটি প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত