রংপুরে শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে এক কোটি টাকা বরাদ্দের ঘোষণা এবং এসএসসিতে জিপিএ-৫ ও এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
কবর জিয়ারত শেষে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। এ সময় আবু সাঈদের বাড়িতে নতুন ঘর নির্মাণ, বাবা-মায়ের থাকার ব্যবস্থা এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনসহ স্মৃতি সংরক্ষণের বিভিন্ন কাজে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। এ অর্থ জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়নের কথা জানানো হয়।
পরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন তিনি এসময় তিনি বলেন এ মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে।
এরপর সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর জেলা পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানে ১২৩৭ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের প্রত্যেককে দুই হাজার টাকা করে এবং খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, শিক্ষাই একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির সবচেয়ে বড় ভিত্তি। শুধু ভালো ফলাফল নয়, জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
তিনি শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থেকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পরামর্শ দেন।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই অর্জন জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখানেই থেমে না থেকে উচ্চশিক্ষা ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও পরিশ্রম করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।
এ সময় সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত