প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
চাঁদপুরের শাহরাস্তিতে রাতে অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করায় ২১ কিশোরকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে সতর্ক করে ভবিষ্যতে সন্তানদের গতিবিধির ওপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় থানা পুলিশের অফিসার ও ফোর্সের সমন্বয়ে একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় বিভিন্ন স্থানে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করা কিশোরদের আটক করা হয়। পরে থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে রাতে ঘোরাফেরার বিষয়ে তারা সন্তোষজনক কোনো কারণ বা সদুত্তর দিতে পারেনি।
পরবর্তীতে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। অভিভাবকরা পুলিশের কাছে আশ্বস্ত করেন, ভবিষ্যতে তাদের সন্তানরা পড়াশোনায় মনোযোগী থাকবে এবং রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে বাইরে ঘোরাফেরা করবে না। এ সময় পুলিশ অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সতর্ক নজর রাখার পাশাপাশি তাদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর রাখার পরামর্শ দেয়।
পুলিশ আরও জানায়, আটক ২১ কিশোরের বিষয়ে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করা হয়। এতে তাদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। তাই প্রথমবারের মতো আটক হওয়ায় সংশোধনের সুযোগ দেওয়ার লক্ষ্যে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
শাহরাস্তি থানা পুলিশ জানায়, কিশোরদের রাতে অযাচিতভাবে ঘোরাফেরা, মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে পুলিশের পাশাপাশি পরিবার ও সমাজের সচেতন ভূমিকা প্রয়োজন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কিশোরদের সুরক্ষা ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে শাহরাস্তি থানার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত