প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে নিরাপত্তা জোরদার
নিরাপত্তা পরিকল্পনায় নিয়োজিত অফিসার-ফোর্সদের ব্রিফিং, সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ পুলিশ সুপারের
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে জেলার বিভিন্ন ভেন্যুতে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ফেনী জেলা পুলিশ। এর অংশ হিসেবে নিরাপত্তা পরিকল্পনায় নিয়োজিত অফিসার ও ফোর্সদের নিয়ে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) ফেনী জেলা পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজী থানা এলাকার বিভিন্ন ভেন্যু পরিদর্শনকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে নিয়োজিত পুলিশ সদস্যরা অংশ নেন।
ব্রিফিংয়ে ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার দায়িত্বপ্রাপ্ত অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার বলেন, প্রধানমন্ত্রীর সফরকে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন রাখতে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠা বজায় রাখার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি স্তরে পারস্পরিক সমন্বয় ও পেশাদার আচরণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
ব্রিফিংকালে ফেনী জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীসহ সংশ্লিষ্ট এলাকাগুলোতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

মতামত