দিনাজপুরের বিরলে বাড়ির সামনের চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছোট ভাই ও তার স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার সকালে উপজেলার বিরল ইউনিয়নের বড়পুরিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আহতরা হলেন—বড়পুরিয়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে নুর সালাম দুলাল (৪০) এবং তার স্ত্রী লাবনী আক্তার মায়া (৩০)।
আহত স্বামী-স্ত্রী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাড়ির সামনের চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে নুর সালাম দুলালের সঙ্গে তার বড় ভাই কালামের বিরোধ চলছিল। বুধবার সকালে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাকবিতণ্ডা ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে কালাম ও তার পক্ষের হামলায় নুর সালাম দুলাল ও তার স্ত্রী লাবনী আক্তার মায়া গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন এবং আশঙ্কাজনক অবস্থায় বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

মতামত