দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে কমিটি করার জন্য বলা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি বোর্ডের আওতাধীন সব স্তরের মাদ্রাসার প্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫ প্রদত্ত ক্ষমতাবলে দেশের বিদ্যমান বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হলো। এ লক্ষ্যে দ্রুত অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিয়ে অ্যাডহক কমিটি গঠন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়া বোর্ডের গত ২ আগস্টের চিঠির নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
বিশেষ দ্রষ্টব্যে বলা হয়,
এস.আর.ও নং ৮৯-আইন/২০২৬। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫ (সংশোধিত) এর (জ) প্রবিধান ৬৪ এর উপ-প্রবিধান (৩) এর পরিবর্তে নতুন উপ-প্রবিধান প্রতিস্থাপিত হবে।
সভাপতি মনোনয়নের ক্ষেত্রে মাদ্রাসা প্রধান, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মচারীগণের মধ্য হইতে ৩ (তিন) জনের একটি তালিকাসহ অন্যান্য সদস্যের মনোনয়ন গ্রহণপূর্বক সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কাছে পাঠাবেন।
তবে শর্ত থাকে যে, সিটি কর্পোরেশনের আওতাভুক্ত মাদ্রাসার ক্ষেত্রে, মাদ্রাসা প্রধান বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডের কাছে প্রস্তাব পাঠাবেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

মতামত