গাজীপুর প্রতিনিধি: মোঃ সিরাজুল ইসলাম
গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের তরগাঁও উত্তরপাড়া গ্রামে পৈতৃক সূত্রে পাওয়া ২৬ দশমিক ৫ শতাংশ জমি দীর্ঘ প্রায় ১৪–১৫ বছর ধরে প্রতিবেশীদের বিরুদ্ধে জবরদখল করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. মিলন মিয়া।
ভুক্তভোগী মিলন মিয়া তরগাঁও উত্তরপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তার অভিযোগে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে—তরগাঁও গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে আঃ রউফ মাস্টার, মৃত আব্বাস আলীর ছেলে মো. আলাউদ্দিন এবং মৃত আতর আলী মুন্সির ছেলে মো. জামান ও নুরুল ইসলামকে।
অভিযোগ সূত্রে জানা যায়, কাপাসিয়া থানাধীন তরগাঁও মৌজার আরএস খতিয়ান নং-৬০২ এবং আরএস দাগ নং-৯৯২, ৯৯৬ ও ৯৯৭-এর মোট ২৬ দশমিক ৫ শতাংশ জমি পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি বলে দাবি করেছেন মিলন মিয়া। তার দাবি, সংশ্লিষ্ট রেকর্ড ও মালিকানার ভিত্তিতে তিনি ওই সম্পত্তির মালিক হলেও দীর্ঘদিন ধরে বিবাদীরা প্রভাব খাটিয়ে জমিটি দখলে রেখেছেন।
মিলন মিয়ার অভিযোগ, নিজের পৈতৃক সম্পত্তিতে গিয়ে দখল বুঝে নেওয়ার চেষ্টা করলেই বিবাদীরা তাকে বাধা দেন। এমনকি দেশীয় অস্ত্র নিয়ে মারধরের জন্য তেড়ে আসা এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি।
ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন ধরে নিজের সম্পত্তি থেকে বঞ্চিত থাকায় তিনি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এমনকি মাথা গোঁজার মতো পর্যাপ্ত জায়গাও তার নেই বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি নিয়ে এর আগে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উদ্যোগে একাধিকবার সালিশ-বৈঠক হয়েছে। সেখানে বিরোধের সমাধানের চেষ্টা করা হলেও অভিযোগ অনুযায়ী, বিবাদীরা বিভিন্ন অজুহাতে সালিশে আপত্তি সৃষ্টি করেন এবং অনেক সময় বৈঠক ভেঙে যায়। ফলে দীর্ঘদিনের বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি বলে দাবি করেছেন ভুক্তভোগী।
মিলন মিয়া বলেন, “পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তির মালিকানা দাবি করেও আমি দীর্ঘদিন ধরে নিজের জমিতে যেতে পারছি না। জমিতে গেলে আমাকে ভয় দেখানো হয়। আমি একজন অসহায় মানুষ। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আমার সম্পত্তি বুঝে পাওয়ার ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।”
এ ঘটনায় ভুক্তভোগী মিলন মিয়া কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য এ প্রতিবেদনের সময় পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
স্থানীয়দের মতে, জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলতে থাকলে তা যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জমির কাগজপত্র, রেকর্ড ও দখল পরিস্থিতি যাচাই করে আইনানুগভাবে বিষয়টির নিষ্পত্তি করা জরুরি বলে মনে করছেন তারা।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

মতামত